আইন আদালত
তনু হত্যা মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) পিবিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে তাকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং তার পালিয়ে যাওয়া ঠেকাতে শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিবিআই জানায়, এর আগে গত ২২ এপ্রিল হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারামুক্ত হন।
এরপর গত ৬ আগস্ট হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।