আইন আদালত
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা কাশেম’ পাঁচ দিনের রিমান্ডে
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের কার্যক্রম নিষিদ্ধ সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেমের’ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান রিমান্ড বাতিল করে আবুল কাশেমের জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, তার মক্কেল ঘটনার সঙ্গে জড়িত নন। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে আসামিকে সর্বোচ্চ মেয়াদে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আবেদন জানায়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে এ হামলা চালানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে গাড়িবহরে হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় তার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার, হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আবুল কাশেমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাকে জামিনে মুক্তি দিলে তিনি পলাতক হতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, আবুল কাশেম পাটোয়ারীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।