আইন আদালত
আদালতের মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালন করা এক পুলিশ কনস্টেবলকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার পুলিশ সদস্যের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রেজাউল করিম (৪৫)। তিনি সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন রেজাউল করিম। পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার পরনের প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। একই সঙ্গে তার কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৫০০ টাকা নগদ অর্থ এবং একটি ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে রেজাউল করিমের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার এজাহারে ইয়াবা উদ্ধারের পাশাপাশি নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালন করা একজন পুলিশ সদস্যের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে ডিএমপির প্রসিকিউশন শাখা জানিয়েছে।
মামলার পর গ্রেপ্তার পুলিশ সদস্যকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হাজির করা হবে। ইয়াবাগুলো তিনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।