লাইফস্টাইল

শীতে গোসলে যে ৫ ভুল করলেই হার্ট অ্যাটাক: জেনে নিন বাঁচার উপায়


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

শীতে গোসলে যে ৫ ভুল করলেই হার্ট অ্যাটাক: জেনে নিন বাঁচার উপায়
ছবি: সংগৃহীত

শীতকালে গোসলের সময় কিছু ছোটখাটো ভুলের কারণে রক্তচাপের হঠাৎ পরিবর্তন ঘটে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, শীতের সকালে বাথরুমে হার্ট অ্যাটাকের ঘটনা অন্য সময়ের চেয়ে বেশি ঘটে।

শীতকালে যখন শরীরের তাপমাত্রা ও পানির তাপমাত্রার মধ্যে বড় পার্থক্য থাকে, তখন তা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। নিচে শীতে গোসলে যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি তা তুলে ধরা হলো:

shit 1.jpg
প্রথমেই মাথায় পানি ঢালা যাবে না।

১. প্রথমেই মাথায় পানি ঢালা
শীতে গোসলের সময় সবচেয়ে বড় ভুল হলো সরাসরি মাথায় ঠান্ডা পানি ঢালা। আমাদের মস্তিষ্কে অনেক সূক্ষ্ম রক্তনালি থাকে। হঠাৎ মাথায় ঠান্ডা পানি পড়লে এই নালিগুলো সংকুচিত হয়ে যায় এবং রক্তচাপ দ্রুত বেড়ে যায়। এর ফলে ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে।

সঠিক নিয়ম: প্রথমে পা ভেজাতে হবে, এরপর হাঁটু থেকে কোমর এবং ধীরে ধীরে শরীরের উপরিভাগে পানি দিতে হবে। সবশেষে মাথায় পানি ঢালা সবচেয়ে নিরাপদ।

২. অতিরিক্ত ঠান্ডা বা কনকনে পানিতে গোসল
খুব ঠান্ডা পানি শরীরে পড়ার সাথে সাথেই শরীর একটি ‘শকিং’ অবস্থায় চলে যায়। একে বলা হয় কোল্ড শক রেসপন্স। এতে হৃদস্পন্দন ও রক্তচাপ হঠাৎ বেড়ে গিয়ে হৃৎপিণ্ডের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। যাদের আগে থেকেই হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য এটি প্রাণঘাতী হতে পারে।

shit 2.jpg
ফুটন্ত গরম পানি/ অরিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল হার্ট অ্যাটাক এর সম্ভাবনা বাড়ায়।

৩. গোসলের জন্য অতিরিক্ত গরম পানি ব্যবহার
অনেকেই শীত থেকে বাঁচতে ফুটন্ত গরম পানিতে গোসল করেন। এটিও হার্টের জন্য ক্ষতিকর। অতিরিক্ত গরম পানি রক্তনালিকে প্রসারিত করে রক্তচাপ কমিয়ে দেয়, যার ফলে মাথা ঘোরা বা হার্টের রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। গোসলের জন্য সবসময় কুসুম গরম পানি ব্যবহার করা উচিত।

৪. তাড়াহুড়ো করে গোসল করা
ঘুম থেকে উঠেই হুট করে বাথরুমে গিয়ে গোসল শুরু করা উচিত নয়। সকালে শরীরের তাপমাত্রা এমনিতেই কম থাকে। ঘুম থেকে ওঠার অন্তত ২০-৩০ মিনিট পর শরীর স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপর গোসলে যাওয়া ভালো।

৫. দীর্ঘক্ষণ বাথরুমে থাকা
শীতে দীর্ঘক্ষণ বাথরুমে থাকলে শরীরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে (হাইপোথার্মিয়া), যা হার্টের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তাই দ্রুত গোসল শেষ করে গা মুছে গরম কাপড় পরে নেওয়া জরুরি।

abb.jpg
 শীতে গোসলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।

সতর্কতা ও পরামর্শ:

বয়স্ক ব্যক্তি, শিশু এবং যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ আছে তাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া,গোসলের সময় হঠাৎ বুক ধড়ফড় করা, দম আটকে আসা বা মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।