লাইফস্টাইল
মাস শেষে বেতন না পেলে যেভাবে মাথা ঠাণ্ডা রাখবেন
মাস পেরিয়ে গেলেও বেতন হাতে না আসা এখন অনেক কর্মীর জন্য অস্বস্তিকর কিন্তু পরিচিত অভিজ্ঞতা। ব্যাংক হিসাব বারবার দেখা, বিলের চাপ, আর “শিগগিরই দেওয়া হবে” আশ্বাস—সব মিলিয়ে মানসিক অস্থিরতা বাড়ে।
তবে এমন পরিস্থিতিতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ক্ষতি আরও বাড়তে পারে। প্রথমেই ঠাণ্ডা মাথায় বোঝার চেষ্টা জরুরি—বেতন বিলম্বের কারণ কী। প্রতিষ্ঠান আর্থিক সংকটে আছে, নাকি কেবল প্রশাসনিক জটিলতা—এটি পরিষ্কার ধারণা নেওয়া দরকার। সহকর্মীদের সঙ্গে কথা বললে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া সহজ হয়।
ক্ষোভ জমিয়ে রাখার বদলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে ভদ্রভাবে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ। বেতন কবে দেওয়া হবে এবং বিলম্বের কারণ কী—তা লিখিতভাবে জানতে চাওয়া যেতে পারে।
অন্যদিকে, আয় না থাকায় খরচ নিয়ন্ত্রণ করাও এই সময়ে জরুরি। অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করে খাদ্য, বাসাভাড়া ও চিকিৎসার মতো প্রয়োজনীয় খরচকে অগ্রাধিকার দেওয়া উচিত। বিলাসী খরচ আপাতত এড়িয়ে চলাই ভালো।
চাপ কমাতে বিকল্প আয়ের পথও ভাবা যেতে পারে। টিউশনি, খণ্ডকালীন কাজ বা নিজের দক্ষতার ওপর ভিত্তি করে ছোটখাটো কাজ কিছুটা আর্থিক স্বস্তি দিতে পারে।
মানসিক চাপ এই সময়ে বাড়তেই পারে। তাই নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা পছন্দের কাজে সময় দেওয়া উপকারী। পাশাপাশি, পরিবারের সদস্য বা কাছের মানুষের সঙ্গে কথা বললেও মানসিক স্বস্তি পাওয়া যায়।
তবে দীর্ঘদিন বেতন না পেলে শ্রম আইন অনুযায়ী নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। তবুও প্রথম পদক্ষেপ হিসেবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান খোঁজাই সবচেয়ে কার্যকর পথ।