সাহিত্য
বুকার জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই
২০২৫ সালের মর্যাদাপূর্ণ ‘দ্য বুকার পুরস্কার’ জিতেছেন কানাডায় জন্ম নেওয়া হাঙ্গেরীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ডেভিড সালাই। তার ষষ্ঠ উপন্যাস ‘ফ্লেশ’ (Flesh) এর জন্য তিনি এ বছরের শ্রেষ্ঠ ইংরেজি ভাষার উপন্যাসের স্বীকৃতি পেয়েছেন।
রবিবার (১০ নভেম্বর) লন্ডনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সালাইয়ের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কারস্বরূপ তিনি পেয়েছেন ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার)।
এবারের বুকারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৫৩টি উপন্যাস। ভারতের কিরণ দেশাই ও ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারের বই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন ডেভিড সালাই।
‘ফ্লেশ’ উপন্যাসটি কেন্দ্র করে লেখা হয়েছে এক তরুণ অভিবাসী ইস্তভান-এর জীবনের গল্প—এক বয়স্ক নারীর সঙ্গে তার সম্পর্ক, তারপর যুক্তরাজ্যে টিকে থাকার সংগ্রাম, আর শেষে লন্ডনের অভিজাত সমাজে নিজের অবস্থান তৈরি করা—এই তিন পর্বে গড়ে উঠেছে উপন্যাসের কাহিনি।
বুকার কমিটির ভাষায়, “শ্রেণি, ক্ষমতা, অন্তরঙ্গতা, অভিবাসন ও পুরুষত্ব নিয়ে গভীর অনুসন্ধানী উপন্যাস ‘ফ্লেশ’। এটি একজন মানুষের অভিজ্ঞতার ভেতর দিয়ে আধুনিক সমাজের মানসিক ও সামাজিক টানাপোড়েন তুলে ধরেছে।”
ডেভিড সালাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন। লেখালেখি শুরু করেন ২০০০-এর দশকের শুরুতে। তার প্রথম উপন্যাস ‘লন্ডন অ্যান্ড দ্য সাউথ ইস্ট’ প্রকাশিত হয় ২০০৯ সালে। পরবর্তী সময়ে তিনি লেখেন ‘অল দ্যাট মেন ইজ’, যা ২০১৬ সালের ম্যান বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল এবং একই বছর গর্ডন বার্ন পুরস্কার জিতেছিল।
এর আগে, ২০২৪ সালের বুকার পুরস্কার পেয়েছিলেন সামান্থা হার্ভে, তার উপন্যাস ‘অরবিটাল’-এর জন্য। অতীতে এই পুরস্কার জয়ীদের মধ্যে রয়েছেন সালমান রুশদি, অরুন্ধতী রায়, ইয়ান ম্যাকইউয়ান, এবং মার্গারেট অ্যাটউড-এর মতো বিশ্বখ্যাত সাহিত্যিকরা।