গণমাধ্যম

বিটিভি ও বাংলাদেশ বেতার হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০১:৪৫ পিএম

বিটিভি ও বাংলাদেশ বেতার হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

সরকারি নিয়ন্ত্রণ থেকে সরে গিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী উচ্চপর্যায়ের এক বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রেসসচিব বলেন, “বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এই রূপান্তরের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে, যারা কাঠামোগত পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করবে।”

এই লক্ষ্যে বিশিষ্ট শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধি সি আর আবরারকে প্রধান করে একটি তদন্ত ও সুপারিশ কমিটি গঠনের কথা জানানো হয়েছে।

কমিটির দায়িত্ব হবে— রাজনৈতিক দলগুলোর আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়ে থাকলে তা তদন্ত করা। ভবিষ্যতে নতুন টিভি বা বেতার চ্যানেলের লাইসেন্স দেওয়ার জন্য একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সরকারের গণমাধ্যম নীতি ও প্রচারপদ্ধতিতে একটি নতুন যুগের সূচনা করতে পারে। বিশেষত রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিতে এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।

তবে অনেকেই মনে করছেন, এই রূপান্তরের বাস্তবায়ন প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত কমিটির স্বচ্ছতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত দৃষ্টিভঙ্গি নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ।

বহুদিন ধরেই বিটিভি ও বাংলাদেশ বেতারকে “সরকারি প্রচারযন্ত্র” হিসেবে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার সেই চিত্র বদলানোর সম্ভাবনা তৈরি হলো।

এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কতটা আন্তরিক ও কার্যকর পদক্ষেপ নেয় সরকার।