গণমাধ্যম
গত ১৫ মাসে কোনো মিডিয়ায় হস্তক্ষেপ করিনি: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা পুরোপুরি সুরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি দাবি করেছেন, গত ১৫ মাসে সরকার কোনো টেলিভিশন, সংবাদপত্র বা অনলাইন গণমাধ্যমে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: ইশতেহারে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গ’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, “অনেকে বলেছেন, সাংবাদিকরা মবের ভয়ে কাজ করতে পারছেন না। আমি তা দেখি না। যারা এমন মন্তব্য করছেন, তারা অনেকেই গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই—অন্তর্বর্তী সরকারের সময়ে ডিজিএফআই বা এনএসআই কোনো সাংবাদিককে হয়রানি করেনি।”
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে কেবল তত্ত্বাবধায়ক সরকারের আমলেই সাংবাদিকরা প্রকৃত স্বাধীনতা ভোগ করেছেন। অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল অপতথ্য ও মিথ্যা সংবাদ মোকাবিলা করা।
“সেন্টমার্টিন দখল হয়েছে বলে শত শত ভুয়া খবর ছড়ানো হয়েছিল। অনন্যা ইস্যুতেও একইভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার হয়েছে,” বলেন শফিকুল আলম।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা তলানিতে ঠেকেছিল, কিন্তু এখন গণমাধ্যম সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে। বিদেশে সাংবাদিকরা নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান, কিন্তু দেশে সেই সংস্কৃতি এখনো গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত শত শত মিথ্যা খবর ছড়ানো হয়। রাজনৈতিক দলগুলোকেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ভালো সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনেক সময় বিভ্রান্তিকর খবর প্রচার করেন—এটা ভয়াবহ প্রবণতা।”
সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, সিপিবির সদস্য মঞ্জুর মঈন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সমাজতান্ত্রিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াহ ও প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।