জাতীয়
ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়
ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় চালু হতে যাচ্ছে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, “জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফরে এসে এই কার্যালয় চালুর বিষয়ে আলোচনা করেন। সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছিল। অবশেষে এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”
আইন উপদেষ্টা আরও বলেন, “আজকের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এর খসড়া চূড়ান্ত করে তা ভলকার টুর্কের কাছে পাঠানো হবে।”
তিনি জানান, সমঝোতা স্মারক সাক্ষরের মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আনুষ্ঠানিকভাবে চালু হবে। প্রাথমিকভাবে এটি তিন বছরের জন্য কার্যকর থাকবে। তবে উভয় পক্ষ চাইলে মেয়াদ নবায়ন করার সুযোগ থাকবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই কার্যালয় চালুর মাধ্যমে দেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হবে।