জাতীয়

কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র: চিফ প্রসিকিউটর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৮:৫০ পিএম

কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ নিয়ে তুমুল বিতর্ক চলছে। সম্প্রতি সেই কল রেকর্ড প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তবে এই কল রেকর্ডের উৎস নিয়ে মুখ খুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বুধবার (৯ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তাজুল ইসলাম দাবি করেন, ‘এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি। এটা উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা।’ তিনি আরও বলেন, ‘এটা তো কেবল ট্রেলার, সামনে আরও অনেক কিছু আসবে। অপেক্ষা করুন।’

তাজুলের ভাষায়, “মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি, করেছে আমাদের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা তো এখনো শুরু। অনেক কিছু বাকি আছে।”

অন্যদিকে, বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, ফোনালাপটি বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক রেকর্ড করা হয়েছিল। তবে এই রেকর্ড কে বা কারা ফাঁস করেছে, সেটি এখনও অস্পষ্ট।

রিপোর্ট অনুযায়ী, বিবিসি অডিও রেকর্ডটি যুক্তরাজ্যের স্বনামধন্য ফরেনসিক অডিও বিশ্লেষক প্রতিষ্ঠান ইয়ারশট-এ পাঠায়। প্রতিষ্ঠানটি অডিও বিশ্লেষণ করে জানায়, এতে কোনো ধরনের কৃত্রিমতা বা কাটাছেঁড়ার প্রমাণ মেলেনি।

ইয়ারশট-এর ব্যাখ্যায়, “রেকর্ডিংয়ে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি (ENF) শনাক্ত করা গেছে, যা প্রমাণ করে অডিওটি মূলত একটি বাস্তব সময়ের রেকর্ডিং এবং এতে কোনো বিকৃতি ঘটানো হয়নি।”