জাতীয়
অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের অসুস্থতায় খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর সাবেক আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের খোঁজখবর নিতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পাঠান খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বেগম খালেদা জিয়া ফরিদা পারভীনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেই সঙ্গে বরেণ্য এই শিল্পীর উন্নত চিকিৎসা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের ৫ জুলাই কিডনি, শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। প্রথমে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হলেও বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের বরাতে জানা গেছে, বর্তমানে অনেকটাই সুস্থতার পথে রয়েছেন তিনি।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে তার সংগীত জীবনের সূচনা করেন। এরপর ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহর কাছ থেকে লালনসংগীতে তালিম নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন লালনের কণ্ঠস্বর হিসেবে।
১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন তিনি। পরবর্তীতে ২০০৮ সালে জাপান সরকার প্রদত্ত ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকার স্বীকৃতিও লাভ করেন।
তার সংগীতজীবনের অবদান বাংলা সংস্কৃতি ও সাধনার জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। বর্তমানে তার দ্রুত সুস্থতা কামনা করছে দেশজুড়ে তার অসংখ্য শ্রোতা ও ভক্ত।