জাতীয়

‌‘এ বছরের শেষেই চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা’


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১১:০৬ এএম

‌‘এ বছরের শেষেই চূড়ান্ত হবে তিস্তা মহাপরিকল্পনা’
ছবি: সংগৃহীত

তিস্তা নদীকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনার মাঠ পর্যায়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্পের কারিগরি ও কৌশলগত দিক চূড়ান্ত করার কাজ চলছে। ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে বসে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর পরিকল্পনাটি সরকারে উপস্থাপন করা হবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) হয়ে চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, "তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হলে উভয় দেশের সম্মতি প্রয়োজন। তবে ইতোমধ্যে বাস্তবায়নের পথ অনেকটাই প্রশস্ত হয়েছে।"

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিস্তা নদীর সুরক্ষা, পানি ব্যবস্থাপনা, নদী খনন ও দুই পাড়ের উন্নয়নকে কেন্দ্র করে এই মহাপরিকল্পনার আওতায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যা উত্তরাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।