জাতীয়

বোনকে সঙ্গে নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সোহেল তাজ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম

বোনকে সঙ্গে নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সোহেল তাজ
ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তাজউদ্দীন পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাজউদ্দীনের কন্যা লেখক ও গবেষক শারমিন আহমেদ এবং একমাত্র পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সাক্ষাৎকালে তারা জন্মশতবার্ষিকীর আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রফেসর ইউনূসের হাতে তুলে দেন। একই সঙ্গে তাজউদ্দীন আহমদকে নিয়ে শারমিন আহমেদের লেখা “তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা” বইটির একটি কপিও উপহার দেন তাঁরা।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লেখেন, “বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং একমাত্র পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।”