জাতীয়

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর (OHCHR)। মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ওএইচসিএইচআরের (OHCHR) মধ্যে তিন বছরের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এই চুক্তিতে স্বাক্ষর করেন। আজ শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর জেনেভা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিশনের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, তথ্য অনুসন্ধান, পর্যবেক্ষণ ও কারিগরি সহায়তার কার্যক্রম পরিচালনা করা হবে। চলতি সপ্তাহেই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে, যা আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে।

হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, “বাংলাদেশে অন্তর্বর্তীকালীন মানবাধিকার সুরক্ষার যে ভিত্তি রয়েছে, এই মিশনের সূচনা তা আরও সুদৃঢ় করবে। আমাদের কার্যালয়ের তথ্যভিত্তিক সুপারিশ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে এই চুক্তি। পাশাপাশি সরকারের বিভিন্ন অঙ্গ, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা ও সহায়তা বিনিময়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বের ১৬টি দেশে OHCHR-এর পূর্ণাঙ্গ ‘কান্ট্রি অফিস’ রয়েছে। এ ছাড়া সুইজারল্যান্ডের জেনেভায় প্রধান কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সহায়ক কার্যালয় রয়েছে। এছাড়া আছে ১৩টি আঞ্চলিক অফিস।

বাংলাদেশে শুরু হওয়া এই কার্যালয়ের মাধ্যমে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আটক অবস্থায় নির্যাতন ও মৃত্যু, বৈষম্য, বাকস্বাধীনতা এবং অন্যান্য মানবাধিকার ইস্যুতে সরাসরি কাজ করবে জাতিসংঘ। এ কার্যালয়ের দায়িত্ব থাকবে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়, সরকারকে কারিগরি সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা।

উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ এবং সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তারপর থেকেই পূর্ণাঙ্গ ম্যান্ডেটের ভিত্তিতে এ কার্যালয় স্থাপনের আলোচনা চলছিল, যা এখন বাস্তবে রূপ পেল।