জাতীয়
রাজনৈতিক দলকে বাস সরবরাহের তথ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: আইএসপিআর
বাংলাদেশ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে—সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দাবি ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এই ধরনের বিভ্রান্তিকর প্রচার সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার স্পষ্ট অপপ্রয়াস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাস্তবে সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অস্থায়ীভাবে কিছু গণপরিবহন বাহিরের উৎস থেকে ভাড়া নেওয়া হয়। এসব বাসে কখনো কখনো ‘বাংলাদেশ আর্মি’ লেখা বা লোগো অস্থায়ীভাবে ব্যবহৃত হয়। কিন্তু অনেক সময় চুক্তির মেয়াদ শেষ হলেও কিছু বাসচালক বা প্রতিষ্ঠান নিজেদের সুবিধার্থে অবৈধভাবে এই লোগো ব্যবহার করে যানবাহন চালিয়ে থাকে। এটি একটি অনিয়ম এবং সেনাবাহিনীর সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
আইএসপিআর আরও জানায়, একটি স্বার্থান্বেষী মহল এই অনিয়মতান্ত্রিক চিত্রকে সেনাবাহিনীকে বিতর্কিত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সাধারণ জনগণকে বিভ্রান্ত না হতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের গুজব বা ভিত্তিহীন তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর পুনর্ব্যক্ত করে, “বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান, রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি সর্বোচ্চ নিষ্ঠাবান ও অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক নিরপেক্ষতাই আমাদের শক্তি।”