জাতীয়
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যু
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় মৃত্যুর মিছিল থামছে না। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ফলে শুধুমাত্র বার্ন ইনস্টিটিউটেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া আরও চারজন শিক্ষার্থী রাতে মারা গেছেন, যাদের অবস্থা ছিল আশঙ্কাজনক।
বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০টি মরদেহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে রয়েছে। এর মধ্যে আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর আটটি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ১০৪ জন।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের পাঠদান চলছিল। আকস্মিক বিস্ফোরণ, আগুন ও ধ্বংসযজ্ঞে মুহূর্তেই স্কুল চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং বহু শিক্ষার্থী ও পথচারী দগ্ধ ও আহত হন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এই হৃদয়বিদারক ঘটনায় গোটা জাতি শোকাহত, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে গভীর শোক ও ক্ষোভের প্রকাশ। শিক্ষার্থী, অভিভাবক ও নাগরিক সমাজ দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছেন।