জাতীয়
নিয়মিত কোরআন শরীফ পড়ছি, এক খতম দিয়েছি: পলক
ঢাকার আশুলিয়ায় রাসেল গাজী হত্যাকাণ্ডে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
একই মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
পলককে এদিন আদালতে হাজির করা হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আনোয়ার হোসেন আদালতের কাছে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির সময় পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তার সঙ্গে কথা বলেন। কারাগারে সময় কাটানোর বিষয়ে জানতে চাইলে পলক বলেন, “কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি, কোরআন এক খতম দিয়েছি।”
এ সময় পলকের কোমরে ব্যাকপেইনের জন্য ব্যবহারযোগ্য বেল্ট দেখা যায়। আইনজীবীর প্রশ্নে তিনি জানান, “আছি কোনরকম।”
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ার গাজীরচট এলাকায় সরকারবিরোধী আন্দোলনে অংশ নিচ্ছিলেন মো. রাসেল গাজী (২৭)। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তিনি আহত হন এবং পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত রাসেল গাজী এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পতির সন্তান।
এর আগে ১৫ আগস্ট পলককে প্রথমবার গ্রেপ্তার করে পুলিশ। পরে বিভিন্ন হত্যা, হত্যা চেষ্টা ও দুর্নীতির মামলায় তাকে একাধিক দফা রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
পলকের আইনজীবী রাখী বলেন, “তিনি মানসিকভাবে দৃঢ়। নিয়মিত ধর্মীয় অনুশীলন করছেন এবং বর্তমানে কারাগারে এক খতম কোরআন শরীফ পড়া শেষ করেছেন। তবে পিঠের ব্যথা রয়েছে।”