জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডি: আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ১০ শিক্ষার্থী ও ৩ শিক্ষক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

মাইলস্টোন ট্র্যাজেডি: আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ১০ শিক্ষার্থী ও ৩ শিক্ষক
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ দুর্ঘটনায় এখনও শোকের ছায়া কাটেনি। সেই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও, এখনো মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে আহত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীর দুইটি হাসপাতালে এখনো ১৪ জন আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ১০ জনই স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থী। বাকি তিনজন শিক্ষক এবং একজন প্রতিষ্ঠানের কর্মকর্তা।

দুইটি হাসপাতাল—জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ আহতদের চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, অনেকের শ্বাসনালীতে তীব্রভাবে আগুনের ক্ষত লেগেছে। কারও মুখমণ্ডল, কারও বা শরীরের বড় অংশ ঝলসে গেছে। ফলে রোগীদের কয়েকজন এখনো লাইফ সাপোর্টে আছেন। আইসিইউতে ভর্তি এই তরুণ প্রাণগুলো কেউ ১২ বছরের, কেউ ১৫-১৬ বছর বয়সী। চোখে ভবিষ্যতের স্বপ্ন থাকলেও এখন তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন দুইজন নারী শিক্ষক, যারা সেদিন স্কুল ভবনের ভেতরেই অবস্থান করছিলেন। অপরদিকে, সিএমএইচে ভর্তি থাকা শিক্ষার্থীদের সঙ্গে রয়েছেন একজন পুরুষ শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানের এক সহকারী কর্মকর্তা। চিকিৎসকদের পাশাপাশি স্বজনরাও ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে অবস্থান করে প্রার্থনা করছেন একটি আশার খবরের জন্য।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৫৭ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছেন ৪৫ জন এবং সিএমএইচে ১১ জন। আরও একজন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রতিটি মুখে একেকটি গল্প, যন্ত্রণা আর অপেক্ষার। চিকিৎসকরা বলছেন, যারা এখনও চিকিৎসাধীন, তাদের অনেকেরই সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে। কেউ হয়তো ফিরে পাবেন না আগের চেহারা, কেউ আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না— এমন আশঙ্কাও রয়েছে।