জাতীয়
বিদেশ ভ্রমণের জিওতে বাধ্যতামূলক থাকতে হবে পাসপোর্ট নম্বর
বিদেশ ভ্রমণের সরকারি আদেশে (জিও) সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর পাসপোর্ট নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে ঊর্ধ্বতন নিয়োগ শাখা-২ থেকে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে।
চিঠিতে বলা হয়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের বিদেশ সফরের জন্য সরকারি আদেশ (জিও) জারি করা হলেও, তাতে পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ফলে, সংশ্লিষ্টরা কোন পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাচ্ছেন, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে।
পরিচয় নিশ্চিতকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতের স্বার্থে এখন থেকে জিও জারির সময় অবশ্যই পাসপোর্ট নম্বর উল্লেখ করার জন্য বলা হয়েছে চিঠিতে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মনে করছে, এ নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বিদেশ সফরের অনুমোদনপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় যাচাই সহজ হবে এবং ভবিষ্যতে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।