জাতীয়

৫ আগস্ট বুঝতে পারি, হাসিনার পতন হবে: চৌধুরী মামুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:৫২ পিএম

৫ আগস্ট বুঝতে পারি, হাসিনার পতন হবে: চৌধুরী মামুন
‘জুলাই আন্দোলন’ নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন। ছবি: সংগৃহীত

২০১৮ সালের নির্বাচন-পরবর্তী দমন-পীড়ন এবং চলতি বছরের ‘জুলাই আন্দোলন’ নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় দেওয়া পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি বলেন, “৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার মধ্যে বুঝে গিয়েছিলাম শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকতে পারবে না।”

এ বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে চৌধুরী মামুন বিস্তারিতভাবে তুলে ধরেন আন্দোলন দমন, সরকারের সিদ্ধান্ত, বাহিনীগুলোর ভূমিকা ও নিজ অবস্থান।

তিনি বলেন, ৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে তিনি, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও র‍্যাবের ডিজি উপস্থিত ছিলেন। আন্দোলন প্রসঙ্গে আলোচনা হলেও, সরকার তখনও পতনের আশঙ্কা করছিল না।

পরে রাতেই আরেকটি বৈঠকে সরকার আন্দোলন ঠেকাতে কৌশল নির্ধারণ করে। ৫ আগস্ট সকাল পর্যন্ত পুলিশ অবস্থান ধরে রাখলেও দুপুর নাগাদ দেখা যায়—উত্তরা ও যাত্রাবাড়ি দিয়ে লাখো মানুষ ঢাকায় প্রবেশ করছে। সেনাবাহিনী বাধা দেয়নি। বরং মাঠপর্যায়ের সেনা সদস্যরা আন্দোলনের পক্ষেই ছিলেন।

মামুন বলেন, দুপুর ১টার মধ্যে রাজধানীজুড়ে জনতার ঢল নামে, তখনই তিনি নিশ্চিত হন—সরকার আর টিকবে না। এসবি (বিশেষ শাখা) সূত্রে তিনি জানতে পারেন প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন।

তিনি আরও জানান, বিকেলে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন তা জানা না গেলেও, তিনি নিজে হেলিকপ্টারে করে সেনাবাহিনীর অফিসার্স মেসে আশ্রয় নেন।

জবানবন্দির শেষ অংশে চৌধুরী মামুন বলেন, “সরকারের নির্দেশে এবং অতিউৎসাহী পুলিশের কিছু কর্মকর্তার নেতৃত্বে বলপ্রয়োগ, গুলি ও নির্যাতনের মাধ্যমে জনআন্দোলন দমন করা হয়েছে। এতে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। সাবেক আইজিপি হিসেবে আমি লজ্জিত, অনুতপ্ত এবং জাতির কাছে ক্ষমাপ্রার্থী।”