জাতীয়
১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে: টিআইবির প্রতিবেদন
সরকার পতনের পর গত ১১ মাসে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের বিরুদ্ধে মোট ৭৬১টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১১৬৮ জন পুলিশ সদস্যকে। এর মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৬১ জন। এসব তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (৪ আগস্ট) ঢাকার মাইডাস সেন্টারে টিআইবির এক অনুষ্ঠানে ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতনের পর এক বছরের পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানেই এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম বলেন, ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সদস্যদের অনেকের বিরুদ্ধেই সারা দেশে মামলা হয়েছে। এখন পর্যন্ত দায়ের করা মামলার সংখ্যা ১৬০২টি, যার মধ্যে ৬৩৮টি হত্যা মামলা। মামলাগুলোর মধ্যে প্রায় ৭০ শতাংশ মামলার তদন্তে ইতিবাচক অগ্রগতি আছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৪২৯টি অভিযোগ জমা পড়েছে এবং ২৭টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শেখ হাসিনাসহ মোট ২০৬ জন আসামির মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। যদিও বিচার প্রক্রিয়ায় এখনও কিছুটা ধীরগতি আছে।
ছাত্র-জনতার আন্দোলনের সময় (১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪) সারা দেশে যেসব হয়রানিমূলক মামলা করা হয়েছিল, সেগুলো প্রায় সবই এখন প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেও জানান শাহজাদা এম আকরাম।
অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশের বিরুদ্ধে কিছু বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবে তাদের জবাবদিহির ক্ষেত্রে সরকারের সদিচ্ছা ও সক্ষমতার ঘাটতি দেখা যাচ্ছে। যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে—তাদের বিচারের মধ্য দিয়েই সত্যিকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে।