জাতীয়

সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে বিশেষ অ্যাওয়ার্ড: প্রেস সচিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম

সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে বিশেষ অ্যাওয়ার্ড: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ শিক্ষার্থীকে রক্ষা করে জাতিকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তাঁর এই অতুলনীয় সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ শিক্ষা মন্ত্রণালয় তাঁর নামে একটি বিশেষ অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “মেহরিন চৌধুরীর মতো শিক্ষকের সাহসিকতা ও মানবিকতা অনন্য উদাহরণ। তাই শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর নামে একটি অ্যাওয়ার্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি প্রতি বছর সাহসী ও অনন্য অবদানের জন্য শিক্ষকদের মাঝে প্রদান করা হবে।”

প্রেস সচিব জানান, সকালে মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া উপদেষ্টা পরিষদের এই বৈঠকটি ছিল অন্তর্বর্তী সরকারের আমলে সচিবালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন, আর বৈঠক শেষ হয় দুপুরের দিকে।

বৈঠকে অংশগ্রহণ এবং নিরাপত্তার বিষয়টি ঘিরে সচিবালয়জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। ১ নম্বর গেট ব্যতীত বাকি সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থী প্রবেশও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিধ্বস্ত হলে সৃষ্টি হয় ভয়াবহ দুর্ঘটনা। শিক্ষিকা মেহরিন চৌধুরী কর্তব্যরত অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে দেন। কিন্তু নিজে আর বাঁচতে পারেননি। তাঁর এই আত্মত্যাগ এখন পুরো জাতির গর্বের প্রতীক হয়ে উঠেছে।

শিক্ষাঙ্গনে এমন সাহস ও মানবিকতার দৃষ্টান্ত স্মরণীয় করে রাখতে তাঁর নামে চালু হতে যাওয়া এই অ্যাওয়ার্ড ভবিষ্যতের শিক্ষকদের প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।