জাতীয়

ভোরে খেতে যাই নীলা মার্কেটে, দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে: আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

ভোরে খেতে যাই নীলা মার্কেটে, দোকান বন্ধ থাকলে ওয়েস্টিনে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তি অনুসারে, স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম এসেছে।

অপুর বক্তব্যের ভিডিওটি গত বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, "বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এখন এ বিষয়ে বেশি কিছু বলা উচিত হবে না। আমার নাম আসার পর আমি অবাক হয়েছি। জানে আলম অপুকে চিনতাম ২০২২ সালে ছাত্র অধিকার পরিষদে, তবে তার সঙ্গে আমার শেষ দেখা ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছিল। এরপর কখনো তার সাথে সাক্ষাৎ হয়নি।"

এছাড়া, উপদেষ্টা আরও বলেন, "এমন অভিযোগের পর আমি শুনেছি যে, অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন এবং দাবি করেছেন যে, অপুকে গুম করে নিয়ে গিয়ে জোরপূর্বক সাক্ষাৎকার নেয়া হয়েছে। এসব বিষয় ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বন্ধ হয়ে গিয়েছিল।"

তিনি কথা বলতে বলতে ব্যক্তিগত অভ্যাসের বিষয়টি তুলে ধরেন। আসিফ মাহমুদ জানান, মাঝেমধ্যে রাতের কাজ শেষ করে ভোর হয়ে যায়, তখন খাবার খেতে কোথাও যায়। সাধারণত তিনি গুলশানের নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করেন। তবে যদি দোকান বন্ধ থাকে, তখন ওয়েস্টিন হোটেলে চলে যান।

কিন্তু যখন সাংবাদিকরা জানতে চান যে, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিটি তিনি কি না, তিনি জানান, "হেলমেট পরা একজনকে সিসিটিভি ফুটেজে দেখানো হলে সেটা আমার হতে পারে কিনা—এটা কতটা বিশ্বাসযোগ্য? তদন্ত চলমান, তাই এ নিয়ে বেশি কিছু বলতে চাই না।"

এদিকে, জানে আলম অপু তার বক্তব্যে দাবি করেছেন যে, তিনি গুলশানে আসিফ মাহমুদ সজীবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে এই বিষয়ে উপদেষ্টা বলেন, "সেদিন আমি গুলশানে গিয়েছিলাম কিনা, সেটা মনে করতে পারছি না।"