জাতীয়
বাংলাদেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে কোনো চাঁদাবাজকে থাকতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “চাঁদাবাজদের জন্য বাংলাদেশে কোনো জায়গা নেই। যত বড় চাঁদাবাজই হোক না কেন, আমরা সবাইকে আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা অটুট রাখাই সরকারের প্রধান দায়িত্ব। আইন অমান্য করলে, যে কোনো ব্যক্তি সেক্ষেত্রে ছাড় পাবেন না।
একই সঙ্গে সাংবাদিকরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচনের তারিখ নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনীতির বিষয়টি প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। যেই তারিখে তিনি নির্বাচন করার নির্দেশ দিয়েছেন, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো দলের বক্তব্য আমাদের শুনার প্রয়োজন নেই।”
এছাড়া তিনি দেশের সবজির বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি জানান, সাম্প্রতিক প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে সবকিছু স্বাভাবিক রয়েছে। বিশেষভাবে আলুর মজুদ প্রচুর থাকলেও পাইকারি থেকে খুচরা বাজারে পৌঁছানোর সময় দাম বাড়ছে, কিন্তু কৃষকরা সঠিক মূল্য পাচ্ছেন না। এ ধরনের পরিস্থিতিতে মধ্যস্বত্বভোগীরা অতিরিক্ত লাভ করছে বলে সতর্কবার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।