জাতীয়

বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে আছে: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ০৮:২৬ এএম

বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে আছে: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে এবং সরকারও তার সমর্থন অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

আলোচনায় ড. ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি কার্যকর দ্বি-রাষ্ট্র সমাধান প্রতিষ্ঠিত হবে।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান। গাজার চলমান মানবিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, “সেখানে খাবার নেই, ওষুধ নেই—সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে শিশুরা।”

রাষ্ট্রদূত আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ সরকার বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। পাশাপাশি বহু বাংলাদেশি ব্যক্তি উদ্যোগে খাদ্য ও ওষুধের জন্য অর্থ পাঠাচ্ছেন, যা ফিলিস্তিনি জনগণের দুর্দশা লাঘবে সহায়ক হচ্ছে।

বাংলাদেশ সরকারের অবস্থানকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত রমাদান বাংলাদেশকে ফিলিস্তিনি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান।