জাতীয়
জুলাই সনদের খসড়া নিয়ে মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল
জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফার সময়সীমা শেষে ২৩টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে।
প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর জন্য ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর কিছু দলের অনুরোধে সময় বাড়িয়ে ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। শুক্রবার কমিশন জানিয়েছে, এই সময়ের মধ্যে ২৩টি দল খসড়া সনদ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।
কমিশন জানায়, ১৬ আগস্ট ৩০টি দল ও জোটকে সনদের পূর্ণাঙ্গ খসড়া হস্তান্তর করা হয়। এর আগে ৬৮ দিন ধরে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে তৈরি করা হয় এই খসড়া, যাতে অন্তর্ভুক্ত ছিল ৮৪টি সংস্কার প্রস্তাব।
তবে সব দল একমত নয়। সংবিধান বনাম সনদের প্রাধান্য এবং সংস্কার বাস্তবায়নের সময়কাল নিয়ে রয়েছে স্পষ্ট মতভেদ।
বিএনপি মনে করে, জুলাই সনদের চেয়ে সংবিধানকে প্রাধান্য দেওয়া উচিত। দলটি এই সনদের ওপর আদালতে প্রশ্ন তোলা যাবে না—এমন অঙ্গীকারেও একমত নয়। বিএনপির অবস্থান, যেসব সাংবিধানিক সংস্কারে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদেই বাস্তবায়ন করা উচিত।
অন্যদিকে, জামায়াতে ইসলামি বিএনপির বিপরীত অবস্থানে রয়েছে। দলটি চায়, জুলাই সনদ সংবিধানের ওপরে স্থান পাক, এবং সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা নিষিদ্ধ থাকুক। পাশাপাশি, কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগেই বাস্তবায়ন করা সম্ভব, সেই তালিকা তারা চেয়েছে ঐকমত্য কমিশনের কাছ থেকে।
কোন দল কোন বিষয়ে মত দিয়েছে, তা নিয়ে এখন চলছে কমিশনের পর্যালোচনা। পরবর্তী ধাপে সনদটির চূড়ান্ত রূপ এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে রাজনৈতিক আলোচনা আরও ঘনীভূত হবে বলেই ধারণা করা হচ্ছে।