জাতীয়
আট বছর পর একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ
প্রায় আট বছর পর আবারও একীভূত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’-কে একত্রিত করে পুনর্গঠন করা হলো। নতুন কাঠামোয় এটি আবারও ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামেই কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, কাজের সুবিধার্থে ২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগে বিভক্ত করা হয়েছিল। বিভক্তির পর ‘জননিরাপত্তা বিভাগ’-এর অধীনে পুলিশ অধিদফতর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) যুক্ত ছিল।
অন্যদিকে ‘সুরক্ষা সেবা বিভাগ’-এর অধীনে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ছিল।
সরকারি সূত্র বলছে, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং জনসেবা আরও কার্যকর করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবারও একীভূত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।