জাতীয়
ডিএসসিসির নগরভবনে দুদকের অভিযান, কোটি টাকার আত্মসাতের অভিযোগ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে ভুয়া জ্বালানি খরচ দেখিয়ে কোটি টাকার আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম নগর ভবনে গিয়ে এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা সরকারি গাড়ি ৪০ দিন ব্যবহার না হলেও কাগজপত্রে নিয়মিত জ্বালানি খরচ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে দুদক সংশ্লিষ্ট নথিপত্রসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।
অভিযোগে বলা হয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। ওই সময়ে কর্মকর্তারা অফিসে না গেলেও তাদের গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪–১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। এর ফলে দুই মাসে (মে ও জুন) বিপুল পরিমাণ অর্থ তেল খরচের নামে ব্যয় দেখিয়ে আত্মসাৎ করা হয়।
ডিএসসিসির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি মাসে জ্বালানি খাতে প্রায় ৫ কোটি টাকা ব্যয় করে। নগরভবন বন্ধ থাকা অবস্থায়ও একই হারে খরচ দেখানো হয়েছে, যা দুদকের কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে।