জাতীয়
সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা
হাওর অঞ্চলে সড়ক নির্মাণের নামে পরিবেশ ও জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তার দাবি, "সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন।"
রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে 'বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি' শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, “সড়ক ও রেল খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা কোনো চেয়ার বা প্রতিষ্ঠানের দায় নয়। বরং যারা সেই চেয়ার দখল করে ছিল, এটা তাদের ব্যর্থতা।”
তিনি স্পষ্টভাবে নাম উল্লেখ না করলেও, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দিকে ইঙ্গিত করে বলেন, “এক সাবেক রাষ্ট্রপতি হাওর এলাকায় যে সড়ক নির্মাণ করেছেন, তাতে ওই এলাকার বারোটা বেজে গেছে।”
হাওর অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক পানিপ্রবাহের ওপর সড়ক নির্মাণের প্রভাব নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত অবকাঠামো উন্নয়ন হাওরের প্রাকৃতিক ভারসাম্যে মারাত্মক আঘাত হেনেছে।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, “তিনটি মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল ও খরচ কমিয়ে প্রায় ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি।”
এলএনজি আমদানির প্রসঙ্গে তিনি বলেন, “আগে ১৪ ডলারে আমদানি করা হতো, এখন বাজার উন্মুক্ত করে দেয়ায় তা নেমে এসেছে ১১ ডলারে।”
তিনি বলেন, “মানুষ এই অন্তর্বর্তী সরকারের কাছে অনেক কিছু আশা করেছিল। তবে দুঃখজনকভাবে সেই প্রত্যাশা আমরা পুরোপুরি পূরণ করতে পারিনি।”