জাতীয়
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন
জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সংলাপ।
কমিশনের ডাকে আয়োজিত এ আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ ৩০টির বেশি রাজনৈতিক দল ও জোট।
সংলাপে উপস্থিত নেতারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক ধারার পুনরুদ্ধার, রাজনৈতিক সমঝোতা ও সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কারভাবে উল্লেখ না থাকায়, তা নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নেয়া হচ্ছে। কমিশনের এক সদস্য জানান, “এই সংলাপ কেবল আলোচনা নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমঝোতার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।”
উল্লেখ্য, ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের পর জুলাই মাসে ঘোষিত হয় একটি ঐতিহাসিক সনদ, যেখানে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, নির্বাহী বিভাগের জবাবদিহি ও রাজনৈতিক নিপীড়ন বন্ধের মতো দাবিগুলো উঠে আসে। তবে, এ সনদের বাস্তবায়ন কৌশল ও প্রক্রিয়া নিয়ে পরিষ্কার কোনো দিকনির্দেশনা ছিল না। এই প্রেক্ষাপটেই জাতীয় ঐকমত্য কমিশন সংলাপের আয়োজন করে, যাতে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের ভিত্তিতে একটি কার্যকর ও গ্রহণযোগ্য বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করা যায়।