জাতীয়

এখন অনেকে ভাবছে, এনসিপির পেছনে ইনভেস্ট করা অপচয় হয়েছে: মাসুদ কামাল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

এখন অনেকে ভাবছে, এনসিপির পেছনে ইনভেস্ট করা অপচয় হয়েছে: মাসুদ কামাল
মাসুদ কামাল। ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যারা এতদিন সক্রিয় ছিলেন বা বিনিয়োগ করেছেন, তাদের অনেকেই এখন ভাবছেন, সেই শ্রম ও সময় ছিল “একটি অপচয়”। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলকে “রাজনীতিতে একটি ঢেউ” হিসেবে আখ্যা দিয়ে মাসুদ কামাল বলেন, “এই নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে অনেক হিসাব-নিকাশ বদলাচ্ছে। বিশেষ করে বিএনপি-জামায়াত ঘরানার রাজনীতিতে এর পার্শ্বপ্রতিক্রিয়া স্পষ্ট।”

তার দাবি, নির্বাচন পরবর্তী সময়েই একটি সুবিধাবাদী গোষ্ঠী জামায়াতের প্রতি ঝুঁকে পড়েছে। অনেকে এখন জামায়াতকে “পাওয়ারফুল পার্টি” হিসেবে বিবেচনা করে আগেভাগেই সম্পর্ক তৈরির চেষ্টায় নেমেছে।

“কে আগে জামায়াতের সঙ্গে লাইন তৈরি করতে পারবে এ নিয়ে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। রাকসু নির্বাচন হলে সেটা আরও তীব্র হবে,” বলেন মাসুদ কামাল।

তিনি আরও বলেন, “অনেকে ভাবছেন, এনসিপির পেছনে যে সময়, শক্তি বা ইনভেস্টমেন্ট দেওয়া হলো, তা আসলে কোনো কাজে আসল না। এখন সেই অপচয় কীভাবে রিকভার করা যায়, তা নিয়ে নানা চেষ্টা চলছে।”

বাংলাদেশের রাজনীতিতে ‘পাওয়ারফুল পার্টির’ পেছনে সুবিধাবাদী গোষ্ঠীর জড়ো হওয়াকে তিনি স্বাভাবিক প্রবণতা বলেও উল্লেখ করেন।

তবে মাসুদ কামাল মনে করেন, ডাকসু-জাকসু নির্বাচন সাধারণ ভোটারদের ওপর সরাসরি প্রভাব ফেলবে না। প্রান্তিক জনগণ এসব কেন্দ্রীয় বা ক্যাম্পাসভিত্তিক নির্বাচনের দিকে খুব একটা তাকায় না। তারা সিদ্ধান্ত নেয় নিজের এলাকার বাস্তবতা দেখে কে কী করছে, কে পাশে আছে, সেটা দেখেই ভোট দেয়।

এই কারণেই, দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক চিত্র ভিন্ন হবে বলে মত দিয়েছেন তিনি।