জাতীয়

উপদেষ্টার বিরুদ্ধে প্রকল্পের ফাইল বাসায় নিয়ে গায়েব করার অভিযোগ চসিক মেয়রের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম

উপদেষ্টার বিরুদ্ধে প্রকল্পের ফাইল বাসায় নিয়ে গায়েব করার অভিযোগ চসিক মেয়রের
মন্ত্রণালয়ের ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে মেয়র শাহাদাতের অভিযোগ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ে থাকা গুরুত্বপূর্ণ প্রকল্পের ফাইল উপদেষ্টা বাসায় নিয়ে যাওয়ার পর আর ফেরত আসে না। এ প্রসঙ্গে মেয়র সোমবার নগরীর জামালখানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে ‘পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারাভিযান’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিস্তারিত বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ নগর পরিচ্ছন্নতা বিষয়ে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “আমাদের তিনটি প্রকল্প এখনও এলজিআরডি মন্ত্রণালয়ে আছে। উপদেষ্টা ফাইলটি দেখার পর তা বাসায় নিয়ে গেছেন, এরপর মন্ত্রণালয়ে আর পাওয়া যায়নি। এর ফলে প্রয়োজনীয় স্বাক্ষরও সম্পন্ন হয়নি। এর ফলে আমাদের ইউকে, জাপান ও কোরিয়ার প্রকল্পগুলোতে কাজ করতে বাধা পড়েছে। ৪০০ কোটি টাকার বাজেট কমে ২৯৮ কোটি টাকায় নেমেছে। রাষ্ট্র প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে ব্যর্থ হয়েছে।”

চসিক মেয়র আরও বলেন, “চট্টগ্রামে জলাবদ্ধতা একটি বড় সমস্যা। একাধিকবার উপদেষ্টাকে অনুরোধ করেছি, কিন্তু তিনি জানিয়েছেন, আগে জলাবদ্ধতার সমস্যা সমাধান হোক। আমি ইতোমধ্যে ৫০-৬০ শতাংশ সমস্যা সমাধান করেছি, তবে এখনও প্রয়োজনীয় যন্ত্রপাতি পাইনি।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মেয়রের বক্তব্যের পর বলেন, “আমরা সব মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করি। মূল্যস্ফীতির কারণে যদি ৫ শতাংশ বরাদ্দ পাওয়া যায়, তবে তা গ্রহণ করুন এবং চট্টগ্রামের মানুষকে বঞ্চিত না করে কাজ শুরু করুন। জলাবদ্ধতা দূরীকরণে এ বছর উল্লেখযোগ্য সাফল্য এসেছে।”

অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম, চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।