জাতীয়

দগ্ধ ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

দগ্ধ ফায়ার ফাইটারদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আহত সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। তার নাম ডা. এসআই জাচক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে আহত ফায়ার ফাইটারদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডা. জাচক এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। পরে তিনি ইনস্টিটিউট ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন দগ্ধদের সরাসরি পরিদর্শন করেন।

এই সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগেও ‘মাইলস্টোন স্কুল’ দুর্ঘটনার সময় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা প্রদানে ডা. এসআই জাচক সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছিলেন।