জাতীয়
জনগণ নির্বাচনমুখী হলে তা কেউ আটকাতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে জনগণের ওপর—এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না।”
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মতৈক্য হয়, তবে তা ইতিবাচক হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের আইন, ব্যবস্থাপনা এবং গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ সব বাহিনী মোতায়েন থাকবে। বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনা রয়েছে, নির্বাচনের সময় তা এক লাখে উন্নীত করা হবে। বিজিবি, কোস্টগার্ড, আনসারসহ সব বাহিনী এবং প্রশাসনও মাঠে থাকবে।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্ত এখন আরাকান আর্মির দখলে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রাখছে। আরাকান আর্মি মাদকনির্ভরশীল হওয়ায় প্রচুর মাদক আসছে, এর বিনিময়ে বাংলাদেশ থেকে চাল, শাকসবজি, ওষুধপত্র যাচ্ছে। তিনি জানান, এসব বন্ধে আলোচনা চলছে এবং ফোর্স বাড়ানো হয়েছে।
রোহিঙ্গা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। তবে যত দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে।