জাতীয়
ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ মৎস্য উপদেষ্টা ফরিদা আখতারের
ইলিশের বাজারমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানিয়েছেন, প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট নানা প্রভাবের কারণে ইলিশের উৎপাদন কমছে, ফলে দামও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “ইলিশের দাম কমাতে পারিনি, এটি আমার জন্য দুঃখের বিষয়।” তিনি আরও জানান, পূজা উপলক্ষে এ বছর এখন পর্যন্ত ভারতে ১০৩ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। সে হিসেবে মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।
ব্রিফিংয়ে ফরিদা আখতার আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির ঘোষণা দেন। এ সময়ে ৩৭ জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল প্রদান করা হবে। তিনি জানান, এই কর্মসূচির আওতায় মোট ১৫ হাজার ৫০০ টন চাল বরাদ্দ রাখা হয়েছে।
সরকারের এ উদ্যোগ ইলিশ সম্পদ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। তবে দাম নিয়ন্ত্রণ ও উৎপাদন বৃদ্ধির জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন মাছ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহল।