জাতীয়
পূজায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র্যাব ডিজি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
র্যাব ডিজি বলেন, “আমরা পূজা উদযাপন উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। দেশের ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা পূজা কমিটির সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে মোতায়েন রয়েছে নিয়মিত টহল দল, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং সাইবার টিম। অনলাইনেও নজরদারি চলছে, যেন কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা না করতে পারে।
র্যাব প্রধান জানান, পূজার প্রথম দিন থেকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রতিটি ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “কোনো তথ্য এলে তা যাচাই করে দেখতে হবে। গুজব হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর তথ্য সঠিক হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি পূজা আয়োজকদের প্রতি অনুরোধ করে বলেন, “পূজামণ্ডপে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক রাখুন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করুন এবং নারী ও শিশুদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিন।”
র্যাব সূত্র জানায়, সারা দেশে এবার ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে বাহিনী। ইতোমধ্যেই ২৪ সেপ্টেম্বর থেকে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং স্পেশাল ফোর্সের কমান্ডো টিম, যারা যে কোনো সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।
র্যাব ডিজি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে সামনে রেখে আমরা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করছি।”
তিনি আশা প্রকাশ করেন, গত বছরগুলোর মতো এবারও দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে।