জাতীয়
‘শাপলা’ প্রতীক দিতে পারবে না ইসি, এনসিপিকে ১৯ তারিখ পর্যন্ত সিদ্ধান্তের সুযোগ
নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে সরাসরি এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেয়, তাহলে কমিশন নিজেই চূড়ান্ত প্রতীক নির্ধারণ করবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন ও এনসিপির মধ্যে দুই থেকে আড়াই ঘণ্টা ব্যাপী আলোচনার পরও শাপলা প্রতীকের বিষয়ে কমিশনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আখতার আহমেদ বলেন, “নির্বাচন বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। তারা যদি নিজেদের নতুন প্রতীক নির্বাচন না করে, তাহলে কমিশন নিজেদের বিবেচনায় প্রতীক নির্ধারণ করবে।”
প্রবাসী ভোটারদের বিষয়ে সচিব বলেন, আগের ১১টি দেশের সঙ্গে সঙ্গে আরও চারটি দেশে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বরের প্রথম সপ্তাহে ভোট প্রদানের জন্য সংশ্লিষ্ট অ্যাপ চালু করা সম্ভব হবে। ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রয়োজনীয় জরুরি সরঞ্জাম ইতিমধ্যেই কমিশনের কাছে পৌঁছে গেছে।
নতুন ১২টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, সচিবালয় ও মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “গণভোট হবে কি হবে না—এ বিষয়ে এখনও নির্বাচন কমিশনে কোনো প্রস্তাবনা উঠেনি। তাই এখন প্রস্তুতি নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারছি না।”