জাতীয়
শাহজালালে আগুনে ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ১০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির মতে, এ দুর্ঘটনা শুধু পণ্য ধ্বংস নয়, দেশের রপ্তানি বাণিজ্যের ওপর একটি বড় আঘাত, বিশেষ করে পোশাক খাতের জন্য এটি একটি ‘গভীর ধাক্কা’।
রোববার (১৯ অক্টোবর) বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ এলাকা পরিদর্শন করে।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সামনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “এই আগুনে তৈরি পোশাক, গুরুত্বপূর্ণ কাঁচামাল ও নতুন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ স্যাম্পল পণ্য পুড়ে গেছে। এটি শুধু বর্তমান রপ্তানির ক্ষতিই নয়, ভবিষ্যতের বাণিজ্য সম্ভাবনাও বাধাগ্রস্ত করবে।”
বিজিএমইএ জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সদস্যদের কাছ থেকে বিশেষ ফরমের মাধ্যমে পণ্যের তালিকা চাওয়া হয়েছে। এ জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যাতে দ্রুত তথ্য সংগ্রহ সম্ভব হয়।
ইনামুল হক খান আরও জানান, “প্রতিদিন আকাশপথে ২০০ থেকে ২৫০টি কারখানার তৈরি পোশাক রপ্তানি হয়। আগুনে অনেক প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।”
তিনি বলেন, তথ্য সংগ্রহ শেষ হলে বিজিএমইএ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে- যেমন বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং কাস্টমস সমন্বয় সভা করবে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলো সঠিক সহায়তা পায়।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বহু মূল্যবান পণ্য, রপ্তানিযোগ্য পোশাক ও কাঁচামাল পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কয়েক ঘণ্টা কাজ করে। এখন চলছে তদন্ত ও ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ।