জাতীয়
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর শিখা অনির্বাণে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানান।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পণ করেন।
সশস্ত্র বাহিনী দিবসের সূচনা হয় দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, বিমানঘাঁটিসহ সংশ্লিষ্ট সকল স্থাপনার মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে। এতে দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দেন। তাদের বাণীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশগঠন ও সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা আরও বেগবান করার আহ্বান জানানো হয়।