জাতীয়

অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা জাতীয় নির্বাচনে অংশ নেবেন: আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৮:১০ এএম

অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা জাতীয় নির্বাচনে অংশ নেবেন: আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, তিনি নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন। পাশাপাশি ছাত্রবিষয়ক উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করা আরও অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে তিনি জেনেছেন।

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে হলে তিনি আগে পদত্যাগ করবেন এবং সব প্রক্রিয়া আইনগত কাঠামোর মধ্যে থেকেই সম্পন্ন হবে। এ বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

কোন রাজনৈতিক দলের ব্যানারে তিনি নির্বাচনে অংশ নেবেন-এমন প্রশ্নে তিনি বলেন, এখনই রাজনৈতিক মন্তব্য করা সমীচীন হবে না। পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনায় পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অংশগ্রহণ-রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই এ বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।