জাতীয়

খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন নেওয়ার প্রস্তুতি, ঢাকায় আসছেন জোবাইদা রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম

খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন নেওয়ার প্রস্তুতি, ঢাকায় আসছেন জোবাইদা রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, দেশে পৌঁছে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন।

বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র বিবিসিকে জানিয়েছে—সংকটাপন্ন অবস্থায় বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। এদিকে কাতার সরকার জানিয়েছে, প্রয়োজনে খালেদা জিয়াকে স্থানান্তরের জন্য তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত।

চিকিৎসা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় শুক্রবার দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানায়, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি; তবে অবস্থাকে ‘স্থিতিশীল’ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ১ ডিসেম্বর ভেন্টিলেশনে নেওয়া হয়। তার চিকিৎসায় স্থানীয় ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমানও চিকিৎসা অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।

এরই মধ্যে বুধবার যুক্তরাজ্য এবং চীনের দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছে চিকিৎসা পরামর্শে যুক্ত হয়েছেন।

২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে খালেদা জিয়া কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়াসহ কয়েকটি জটিলতায় ভুগছেন। বর্তমান অবস্থা বিবেচনায় দ্রুত বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার ও দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।