জাতীয়
আজ মধ্যরাতের পর খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ (৪ ডিসেম্বর) মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হচ্ছে-এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে স্থানান্তর করা ছাড়া আর কোনো উপায় নেই।
ডা. জাহিদ হোসেন জানান, “ইনশাআল্লাহ আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে কাতার এয়ারলাইন্সের বিশেষ মেডিকেল ফ্লাইটে তাকে লন্ডনে নেওয়া হবে। দেশ-বিদেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার সঙ্গে ভ্রমণ করবেন।”
তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং তারেক রহমান ও জিয়া পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সার্বিক প্রস্তুতি নিতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। লন্ডনে চিকিৎসা ব্যবস্থাপনার একাধিক ধাপ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে- তার শারীরিক অবস্থা “খুব ক্রিটিক্যাল কন্ডিশন”-এ পৌঁছেছে।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং সাম্প্রতিক নিউমোনিয়াসহ নানা গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড মনে করছে-এখনই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে স্থানান্তর করা জরুরি ও সময়োপযোগী।