জাতীয়
শারীরিক অবস্থার ওপরই নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা: ডা. জাহিদ হোসেন
বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, মেডিক্যাল বোর্ডের পরামর্শ এবং বেগম জিয়ার শারীরিক উন্নতির ওপর নির্ভর করছে তার লন্ডন যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত।
শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। জাহিদ হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। পাশাপাশি মেডিক্যাল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরাও তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজরদারি চালাচ্ছেন।”
তিনি দেশবাসীর প্রতি আবারও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য বা গুজব না ছড়ানোর অনুরোধ করেন তিনি।
বিএনপি নেতার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি অনুকূলে এলে যেকোনো সময়ই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হতে পারে।