জাতীয়

সরকারি অফিসের হয়রানি কমাতে আসছে নিবন্ধন ‘অ্যাপ’ : বিডা চেয়ারম্যান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

সরকারি অফিসের হয়রানি কমাতে আসছে নিবন্ধন ‘অ্যাপ’ : বিডা চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

দেশে ব্যবসা শুরু করতে গিয়ে নিবন্ধন প্রক্রিয়া জটিল হওয়া এবং সরকারি অফিসে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়—এ মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি জানান, এসব হয়রানি ও জটিলতা কমাতে আগামী বছর চালু হচ্ছে একটি সমন্বিত ডিজিটাল নিবন্ধন অ্যাপ, যার মাধ্যমে উদ্যোক্তারা সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

রোববার (৭ ডিসেম্বর) সকালে ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র সাতদিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান বলেন, “বাংলাদেশে ব্যবসা শুরু করা এখনও কঠিন। নিবন্ধন প্রক্রিয়া জটিল, আর সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হওয়ার অভিযোগও রয়েছে। এসব সমস্যা দূর করতে আগামী বছর থেকে চালু হবে ‘অ্যাপ’। উদ্যোক্তারা সেখান থেকেই সব নিবন্ধন সেবা পাবেন।”

তিনি আরও জানান, বিসিকসহ বিভিন্ন শিল্প পার্কে বিনিয়োগ করলে কৃষিজমি রক্ষা পাবে এবং শিল্পায়নও ত্বরান্বিত হবে।

সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এসএমই পণ্য মেলার কার্যক্রম। সাতদিনের এই মেলায় অংশ নিয়েছে প্রায় ৪০০ এসএমই প্রতিষ্ঠান, যেখানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে এসএমই খাতে ঋণের সুদহার ১৫ শতাংশ, যা তুলনামূলক বেশি। এর কারণ উচ্চ মূল্যস্ফীতি। এনজিও থেকে ঋণ নিলে সুদের হার ২৫ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়, ফলে পরিচালন ব্যয় বেড়ে যায়। এছাড়া এসএমই ক্রেডিট কার্ড চালু হলেও তা পরিচালনায় জটিলতা রয়ে গেছে।

তারা আরও উল্লেখ করেন, নির্বাচনী পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়েছে এবং এসএমই খাতে ঋণপ্রবাহ কমে এসেছে। ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য রয়েছে দেড় লাখ কোটি টাকা, যা চাহিদা বাড়লে অর্থনীতির গতি ফেরাতে সহায়তা করবে।

রপ্তানিমুখী উদ্যোক্তাদের জন্য বন্ডেড ওয়্যারহাউসের প্রক্রিয়া সহজ ও সহনীয় করারও দাবি জানান বক্তারা।