জাতীয়

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সর্বোচ্চ নিরাপত্তা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০১ এএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সর্বোচ্চ নিরাপত্তা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, “তারেক রহমানের নিরাপদ আগমন নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন প্রয়োগকারী সব সংস্থাকে সম্পূর্ণ সতর্ক, সমন্বিত ও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জোর দিয়ে উল্লেখ করেন।

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া বিএনপির পক্ষ থেকেও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে এবং পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমানের চলাচলের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তার বাসভবন ও অফিস এলাকাতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরও জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিমের সদস্যরাও মাঠে থাকবেন।

ডিএমপি সূত্র জানায়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগরজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন রাজধানীতে বড় ধরনের জনসমাগম হতে পারে—এ বিষয়টি বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা জানাতে সম্ভাব্য জনসমাগম শৃঙ্খলাবদ্ধ রাখতে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নেতাকর্মীদের প্রতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত আচরণের আহ্বান জানানো হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে। তার নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক নিরাপত্তা টিম কাজ করবে। কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তারেক রহমানকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রায় দেড় যুগ পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় পর তার দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলের নেতারা জানিয়েছেন, ওই দিন ঢাকায় পৌঁছালে দলীয়ভাবে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।