জাতীয়
খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, “খালেদা জিয়াকে প্রহসনমূলক ও সাজানো রায়ে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পরও আপিল বিভাগের রায় স্পষ্ট করেছে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল। যদি এমন পরিস্থিতি না হতো, হয়তো আমরা তাকে এত দ্রুত হারাতাম না। ব্যক্তিগতভাবে আমি মনে করি, তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।”
আসিফ নজরুল আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রধান উপদেষ্টা তার খোঁজখবর সবসময় রাখতেন। তার শারীরিক অবস্থা অনুকূল হলে বিদেশে পাঠানোর ব্যবস্থা করত সরকার।
তিনি বলেন, “দুর্ভাগ্য, যদি আমরা তাকে আরও এক-দুই বছর পেতাম, কিছু করার সুযোগ থাকত। আল্লাহর ইচ্ছায় তিনি দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিলেন।”
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হবে। অন্তর্বর্তী সরকার জানাজা ও দাফন অনুষ্ঠানে সকল ধরনের সহায়তা প্রদান করবে।
আসিফ নজরুল বলেন, “জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে খালেদা জিয়ার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন ছিল। বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে তার অবস্থান চিরস্থায়ী। জানাজা শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।