জাতীয়

আঞ্চলিক নেতাদের সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

আঞ্চলিক নেতাদের সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে যে সার্কের চেতনা এখনো জাগ্রত ও বহাল রয়েছে।

বুধবার বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভূটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন।

প্রেস সচিব জানান, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া বৃহস্পতিবার বিকেলে মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার মন্ত্রী বিজিতা হেরাথ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস সবার কাছে একই বার্তা পৌঁছে দেন- যেকোনো উপায়ে সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। তিনি বলেন, আঞ্চলিক নেতারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছেন, যা সার্কের চেতনা এখনও বিদ্যমান থাকার স্পষ্ট প্রমাণ। এই চেতনা সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শফিকুল আলম আরও জানান, সফররত বিদেশি অতিথিরা জানাজার ব্যাপকতা, মর্যাদা ও শৃঙ্খলা দেখে অভিভূত হয়েছেন। তারা বলেছেন, এত বড় ও সুশৃঙ্খল জানাজা তারা আগে কখনো দেখেননি। একই সঙ্গে তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানান।