জাতীয়
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে গোলাগুলি বন্ধে কঠোর বার্তা
বাংলাদেশে সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। টেকনাফে মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে ৯ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তাকে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তলবকালে বাংলাদেশ পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং স্পষ্ট করে বলা হয়—বাংলাদেশের ভূখণ্ডে কোনো ধরনের উসকানি ছাড়াই গুলি চালানো আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে এটি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
বাংলাদেশ মিয়ানমার সরকারকে জানিয়ে দেয়, ভবিষ্যতে আন্তসীমান্ত গোলাগুলির মতো ঘটনা যেন আর না ঘটে, সে জন্য পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি বা দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষ কোনোভাবেই যেন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ও জীবিকার ওপর প্রভাব না ফেলে—এ বিষয়েও জোর দেওয়া হয়।
তলবের জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেন যে, তার সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে আহত শিশু ও তার পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত রোববার সকাল ৯টার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়।