জাতীয়

প্রার্থিতা বাতিল ও বহালের বিষয়ে ইসির ষষ্ঠ দিনের শুনানি চলছে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

প্রার্থিতা বাতিল ও বহালের বিষয়ে ইসির ষষ্ঠ দিনের শুনানি চলছে
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও ফিরিয়ে দেওয়ার বিষয়ে ষষ্ঠ দিনের শুনানি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে, যা বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে কমিশনের অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। প্রার্থিতা সংক্রান্ত আপিলগুলো সরাসরি শুনে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছে।

ইসি সূত্র জানায়, গত পাঁচ দিনের শুনানিতে আপিলের মাধ্যমে ২৭৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে একজন প্রার্থীর ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত এই আপিল শুনানি চলবে। এরপর সব প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।