জাতীয়

ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

ব্যালট বক্স ছিনতাই হলে কেউ রক্ষা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কেউই রেহাই পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হলে শুধু দোষীদেরই নয়, বরং সংশ্লিষ্ট পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও জবাবদিহির আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ার প্রেক্ষাপটে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি কঠোর বার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো কর্মকর্তা যেন কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন না করেন এবং সরকারি কর্মচারী হিসেবে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, কাউকে তোষামোদ বা বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই; বরং দেশ ও জনগণের স্বার্থে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে সুষ্ঠু ও উৎসবমুখর।

সম্প্রতি শেরপুরে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধীদের গ্রেপ্তারে কিছুটা সময় লাগলেও কারও বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভাইয়ে ভাইয়ে বা অভ্যন্তরীণ বিরোধ যখন সংঘর্ষে রূপ নেয়, তখন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনের দিন যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে আগেভাগেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এবারের নির্বাচনে তৃণমূল পর্যায়ে মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি কোনো আতঙ্কের বিষয় নয়; বরং ভোটারদের সেবা নিশ্চিত করার অংশ। বিশেষ করে বয়স্ক ভোটারদের জরুরি চিকিৎসা সহায়তায় এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীসহ সব নিরাপত্তা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনী কর্মকর্তাদের মনোবল ধরে রাখতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।